নেশা থেকে সরে এসে খেলায় যুক্ত হতে হবে, পঞ্চগড়ে প্রতিমন্ত্রী আজাদ।
- আপডেট সময় : ০৩:৩৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ২৬ বার পড়া হয়েছে
নেশা থেকে সরে এসে খেলাধুলায় মনোযোগী হতে যুবসমাজের প্রতি আহ্বান জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেছেন, বিগত সরকারের আমলে খেলাধুলার মান ব্যাহত হয়েছে। খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী সরবরাহ ও বিতরণে যথাযথ উদ্যোগ নেওয়া হয়নি। ফলে একসময় খেলাধুলায় সুনাম থাকা উত্তরাঞ্চল, বিশেষ করে রংপুর বিভাগের ক্রীড়াঙ্গন পিছিয়ে পড়েছে। তরুণদের একটি অংশ খেলাধুলা থেকে দূরে সরে নেশায় আসক্ত হচ্ছে, যা পরিবার ও সমাজের জন্য উদ্বেগজনক।
সোমবার (১৯ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ সরকারি অডিটোরিয়ামে আয়োজিত ক্রীড়াসামগ্রী ও প্রশিক্ষণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজকে মাদকাসক্তি থেকে রক্ষা করতে পরিবার ও সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে এবং তাদের জন্য প্রয়োজনীয় ক্রীড়াসামগ্রী ও প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সুন্দর ও ইতিবাচক ধারায় ফিরিয়ে আনা সম্ভব।
অনুষ্ঠানে বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মণ্ডল, বোদা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রিয়েল প্রধান ও দেলোয়ার হোসেনসহ দলীয় নেতাকর্মী এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বোদা উপজেলা ক্রীড়া সংস্থার হাতে খেলাধুলার আনুষঙ্গিক সামগ্রী ও প্রশিক্ষণসামগ্রী তুলে দেওয়া হয়।
এ ছাড়া ৩৩টি পরিবার ও একটি মন্দিরের জন্য এক বান্ডিল করে ঢেউটিন এবং প্রত্যেককে তিন হাজার টাকা করে সহায়তা প্রদান করা হয়।























