দেবীগঞ্জে নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে মিলল বৃদ্ধের মরদেহ
- আপডেট সময় : ০৯:০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের প্রায় ১২ ঘণ্টা পর পুকুরের পানিতে মিলেছে ওমর আলী (৫৫) নামে এক বৃদ্ধের মরদেহ। ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলের সদস্যরা প্রায় ১০ মিনিটের অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করেন।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পামুলী ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওমর আলী ওই এলাকার আব্দুল হাইয়ের ছেলে। তিনি পেশায় ঘটক ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর থেকে ওমর আলীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্থানীয়রা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে রাত সাড়ে ৮টার দিকে বাড়ির পাশের পুকুরপাড়ে তার জুতা পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এতে তিনি পুকুরের পানিতে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হয়।
এরপর স্থানীয়রা পুকুরে নেমে ওমর আলীকে উদ্ধারের চেষ্টা করেন। খবর দেওয়া হয় দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। তবে রাতভর দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
পরে বিষয়টি রংপুর ফায়ার সার্ভিস কর্তৃপক্ষকে জানানো হলে বিশেষ ডুবুরি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়। মঙ্গলবার সকালে ডুবুরি দল ডাঙ্গাপাড়ায় পৌঁছে পুকুরটিতে ফের উদ্ধার অভিযান শুরু করে। একপর্যায়ে মাত্র প্রায় ১০ মিনিটের প্রচেষ্টায় পানির নিচ থেকে ওমর আলীর মরদেহ উদ্ধার করা হয়।
দেবীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্য রফি ইসলাম বলেন, “সোমবার রাত আনুমানিক ৯টার দিকে আমরা খবর পাই। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনার পর বিষয়টি রংপুরে জানানো হয়। পরে রংপুর থেকে বিশেষ ডুবুরি দল এসে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে মরদেহটি উদ্ধার করে।”
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, প্রাথমিক সুরতহাল ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।






















