দেবীগঞ্জে সাবেক ইউপি সদস্য ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৪:২৬:৩২ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে হামিদুল ইসলাম নামের একজনকে মারধর, তাঁর পকেটে জোরপূর্বক গাঁজা রেখে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানো এবং মিথ্যা মামলায় কারাভোগে বাধ্য করার অভিযোগে পঞ্চগড়ের দেবীগঞ্জে মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় সাবেক ইউপি সদস্য আনারুল ও তাঁর ভাই সাজেদুর রহমান সাজু শাহের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
রোববার (১১ অক্টোবর) বিকেল ৫টায় দেবীগঞ্জ উপজেলার সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে অংশগ্রহণকারীদের অভিযোগ, গত ১ অক্টোবর পাওনা টাকা চাইতে গিয়ে বিরোধের মুখে পড়েন হামিদুল ইসলাম। একপর্যায়ে তাঁকে মারধর করা হয় এবং তাঁর পকেটে জোরপূর্বক গাঁজা রেখে মাদক ব্যবসায়ী হিসেবে ফাঁসানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে কারাভোগ করতে হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী।
এ ছাড়া সাবেক ইউপি সদস্য আনারুল ও তাঁর ভাই সাজেদুর রহমান সাজু শাহের বিরুদ্ধে আরও কয়েকজনকে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ তোলেন স্থানীয়রা। তাঁদের দাবি, এসব ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে হবে।
মানববন্ধন থেকে বক্তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগীর ন্যায়বিচার নিশ্চিত করা এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত আনারুল ও তাঁর ভাই সাজেদুর রহমান সাজু শাহের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশেরও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানা যায়নি।























