পঞ্চগড়ে ডিবি পুলিশের অভিযানে অনলাইন জুয়ার অভিযোগে তিনজন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৭:৪২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চারটি সিমকার্ডসহ দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পঞ্চগড় সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের টুনিরহাট বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আরিফুর রহমান, এসআই সাদেকুল ও এসআই নাহিদ হাসানের নেতৃত্বে একটি দল টুনিরহাট বাজারে অভিযান পরিচালনা করে। এ সময় আসাদুজ্জামানের দোকানঘরে অভিযান চালিয়ে অনলাইন ক্যাসিনো ও জুয়া খেলার অভিযোগে তিনজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—পঞ্চগড় সদর উপজেলার মৌলভীপাড়া এলাকার মো. কফিল উদ্দিনের ছেলে মো. মনির হাসান (১৯), সিতাপাড়া এলাকার চন্দ্র মোহনের ছেলে সুধীর চন্দ্র (৪২) এবং ভান্ডারুগ্রাম এলাকার সৈয়দ আলীর ছেলে মো. আসাদুজ্জামান (৩৭)।
পুলিশ জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে চারটি সিমকার্ডসহ দুটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।























