দেবীগঞ্জে মাদকসহ নানা অপরাধের বিরুদ্ধে মানববন্ধন
- আপডেট সময় : ০১:০০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ৮৬ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে মাদক, চুরি, ডাকাতি, ছিনতাই, জুয়া, সন্ত্রাস, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটনহারী গাইবান্ধা পাড়ার সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা এলাকায় মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। একই সঙ্গে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
এদিকে, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে অত্র এলাকায় একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানান স্থানীয়রা। কমিটির মাধ্যমে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি ও অপরাধ প্রতিরোধে কার্যক্রম পরিচালনার কথা জানানো হয়।
স্থানীয়দের অভিযোগ, একটি চুরির ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্তদের বিরুদ্ধে কথা বলায় গত ২২ সেপ্টেম্বর এক ব্যক্তিকে মারধর করে আহত করা হয়। বর্তমানে তিনি দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নূরনবী ইসলাম, আব্দুল মতিন পাটোয়ারী, মঞ্জুল আলীম, রেজাউল ইসলাম ও লোকমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড একটি এলাকার সামাজিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। তাই এসব কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে ‘মাদকমুক্ত এলাকা চাই’, ‘সমাজে শান্তি চাই’ এবং ‘মাদক ছাড়ুন, সুন্দর সমাজ গড়ুন’—এমন বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার প্রদর্শন করা হয়।























