সাদ্দামের রায়ের প্রতিবাদে দেবীগঞ্জে ছাত্রলীগের মিছিল
- আপডেট সময় : ০১:৩৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেনের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে পঞ্চগড়ের দেবীগঞ্জে সংগঠনটির নেতাকর্মীদের একটি মিছিলের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে দেবীগঞ্জ পৌর এলাকায় মিছিলটি বের করা হয় বলে জানা গেছে। এতে নেতৃত্ব দেন দেবীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল ইসলাম। স্থানীয়ভাবে পাওয়া তথ্য অনুযায়ী, পৌরসভার নতুনবন্দর এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়ে থাকতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মিছিলের দৃশ্য দেখা যায়। ভিডিওতে শিমুল ইসলামকে সামনে থেকে মিছিলের নেতৃত্ব দিতে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। মিছিলে প্রায় ৮ থেকে ১০ জন অংশ নেন বলে জানা গেছে।
মিছিল থেকে অংশগ্রহণকারীদের ‘ক্যাঙ্গারু কোর্টের অবৈধ রায়, মানি না মানব না’ এবং ‘সাদ্দাম ভাইয়ের রায়, মানি না মানব না’এমন স্লোগান দিতে শোনা যায়।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় পুলিশের নজরে আসে। এরপর মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্ত ও তাদের বিষয়ে তথ্য সংগ্রহে অভিযান শুরু করে দেবীগঞ্জ থানা পুলিশ বলে জানা গেছে।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন,“ভিডিওটি আমাদের নজরে এসেছে। মিছিলে অংশগ্রহণকারীদের বিষয়ে আমরা তথ্য সংগ্রহ ও অভিযান অব্যাহত রেখেছি।”























