পঞ্চগড়ে মাদক কারবারির খাটের নিচে মিলল ট্যাপেন্টাডল, ইয়াবা ও গাঁজা
- আপডেট সময় : ১২:১৩:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাবু গ্রেপ্তার, উদ্ধার ৬১৬ ট্যাবলেটসহ বিপুল পরিমাণ মাদক
পঞ্চগড় সদর উপজেলার ঘটবর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে নবিরুল ইসলাম ওরফে বাবু (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। এ সময় তাঁর শোবার ঘরের খাটের নিচ থেকে ৬১৬টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৫৯টি ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে সদর উপজেলার কামাত কাজলদিঘী ইউনিয়নের ঘটবর গ্রামে বাবুর নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। তিনি ওই গ্রামের মৃত কবেদ আলীর ছেলে।
এসআরবি-১৩ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী ক্যাম্পের সিপিসি-২-এর একটি বিশেষ দল বাবুর বাড়িতে অভিযান চালায়। এ সময় তাঁর শোবার ঘরের খাটের নিচে তল্লাশি করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
অভিযান শেষে গ্রেপ্তার বাবু ও উদ্ধার করা মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এসআরবি-১৩-এর পক্ষ থেকে বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
এসআরবি-১৩-এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকদ্রব্যের অবৈধ কারবার ও সরবরাহের রুট নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে।





















