পঞ্চগড়ে ৩৬ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক এম.এ. মজিদ
- আপডেট সময় : ০৪:৩০:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
উৎসবমুখর পরিবেশ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পঞ্চগড় সদর উপজেলা ও পৌরসভার ৩৬টি দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ। সোমবার সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে পূজামণ্ডপগুলোতে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়। এ সময় সংসদ সদস্যের উদ্যোগে প্রতিটি পূজামণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা এবং বস্ত্র উপহার দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য মো. শফিউজ্জামান পাটোয়ারী রুবেল ও সোয়েব আলী সবুজ, পঞ্চগড় জেলা মহিলা দলের সহসভাপতি জেবুন নেহার, পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বীরা।
পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে জেলা পরিষদের প্রশাসক এম.এ. মজিদ বলেন, “পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের পক্ষ থেকে আপনাদের জন্য ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে এসেছি। আপনারা যেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, সংসদ সদস্যের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও বস্ত্র উপহার সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিকতা ও সম্প্রীতির নিদর্শন হিসেবে তুলে দেওয়া হচ্ছে। ভবিষ্যতে সনাতন ধর্মাবলম্বীরা যেন আরও বৃহৎ পরিসরে আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে দুর্গাপূজা উদযাপন করতে পারেন, সে লক্ষ্যে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে তিনি পঞ্চগড়ের দীর্ঘদিনের অসাম্প্রদায়িক ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন করতে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন।





















