জন্মদিনে ব্যতিক্রমী উদ্যোগ নয়নের, এতিম শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পর বৃক্ষরোপণ
- আপডেট সময় : ১০:৩৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
জন্মদিন মানেই কেক কাটা, আনন্দ-উৎসব আর উপহার বিনিময়। তবে সেই প্রচলিত আয়োজনের বাইরে গিয়ে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার জনপ্রিয় সংবাদভিত্তিক ফেসবুক পেজ ‘দেবীগঞ্জ ব্রেকিং নিউজ’-এর স্বত্বাধিকারী ওয়ারেছুর রহমান নয়ন। নিজের জন্মদিন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন তিনি।
গত ১০ অক্টোবর ছিল ওয়ারেছুর রহমান নয়নের জন্মদিন। এ উপলক্ষে ওই দিন দেবীগঞ্জ শিশু সদন ও লিল্লাহ বোর্ডিংয়ে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক আনজারুল ইসলাম। শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়ে জন্মদিনকে মানবিক উদ্যোগের মাধ্যমে স্মরণীয় করে তোলেন নয়ন।

এরই ধারাবাহিকতায় আজ ১১ অক্টোবর দেবীগঞ্জের ঐতিহ্যবাহী প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন তিনি। জন্মদিনের আনন্দকে সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশ সংরক্ষণের সঙ্গে যুক্ত করতেই তাঁর এই উদ্যোগ।
স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে পরিচিতি পেয়েছেন ওয়ারেছুর রহমান নয়ন। বিভিন্ন সামাজিক আয়োজন ও অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানো হলে তিনি নিজের ফেসবুক প্ল্যাটফর্মে সেসব কার্যক্রম তুলে ধরেন। এতে সামাজিক উদ্যোগগুলো আরও মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি অন্যরাও ভালো কাজে অনুপ্রাণিত হন।
অন্যদিকে, দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার খবর দ্রুত তুলে ধরার মাধ্যমে ‘দেবীগঞ্জ ব্রেকিং নিউজ’ স্থানীয় মানুষের কাছে একটি পরিচিত সংবাদমাধ্যম হিসেবে জায়গা করে নিয়েছে। এলাকার নানা ঘটনা, সমস্যা ও সম্ভাবনার খবর মানুষের কাছে পৌঁছে দিতে প্ল্যাটফর্মটি কাজ করছে।
জন্মদিনে নিজের এই উদ্যোগের বিষয়ে ওয়ারেছুর রহমান নয়ন বলেন, “গাছ আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই জন্মদিনে অযথা খরচ না করে অন্তত একটি ভালো কাজ করা উত্তম। এতে নিজের আনন্দের পাশাপাশি সমাজ ও প্রকৃতিরও উপকার হয়। আমার এই উদ্যোগ দেখে অন্যরাও ভালো কাজে উৎসাহিত হলে সেটিই হবে সবচেয়ে বড় প্রাপ্তি।”
দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম লিটু বলেন, “ওয়ারেছুর রহমান নয়ন আমাদের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহসভাপতি। তিনি গত প্রায় ১০ বছর ধরে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রেখে আসছেন। আজও তিনি বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেছেন, যা পরিবেশের জন্য উপকারী। গাছগুলো বড় হলে শিশুরা ফল খেতে পারবে, পাখিরাও পাবে খাবার ও আশ্রয়। আমরা চাই, তিনি আজীবন এভাবেই বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রেখে যাবেন।”
বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরিফ আহম্মেদ চৌধুরী বলেন, “জন্মদিন উদ্যাপনে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সচরাচর এমন ব্যতিক্রমী আয়োজন চোখে পড়ে না। তাঁর এই উদ্যোগের জন্য অনেক শুভকামনা ও জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানাই।”
জন্মদিনকে কেন্দ্র করে নয়নের এ উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও পরিবেশ সচেতনতার একটি ইতিবাচক বার্তা দিয়েছে। বিশেষ দিনগুলোতে ব্যক্তিগত আনন্দের পাশাপাশি অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং প্রকৃতির সুরক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানিয়েছেন তিনি।
মানুষ একদিন পৃথিবী থেকে বিদায় নিলেও তার ভালো কাজগুলো মানুষের মনে বেঁচে থাকে। তাই আসুন, আমরা প্রত্যেকে নিজেদের সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই, গাছ লাগাই এবং আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি।





















