দেবীগঞ্জে স্বামীর দাফন শেষ হতেই স্ত্রীর মৃত্যু, একদিনের ব্যবধানে দম্পতির মৃত্যুতে শোক
- আপডেট সময় : ০১:০১:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে স্বামীর মৃত্যুর একদিনের ব্যবধানে স্ত্রীরও মৃত্যু হয়েছে। স্বামীর জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পর অসুস্থ হয়ে মূর্ছা যান স্ত্রী। পরে দুপুরে তাঁর মৃত্যু হয়। হৃদয়বিদারক এ ঘটনায় পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলার দণ্ডপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শান্তিনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের ওমর আলী (৮০) বার্ধক্যজনিত অসুস্থতায় বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে মারা যান। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
দাফন শেষে বাড়িতে ফিরে স্বামীর মৃত্যুতে শোকে কাতর হয়ে পড়েন তাঁর স্ত্রী হরতন বেগম (৭৮)। একপর্যায়ে তিনি মূর্ছা গিয়ে অসুস্থ হয়ে পড়েন। পরে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
একদিনের ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্থানীয়দের অনেকেই বিষয়টিকে অত্যন্ত হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন।
স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে ওমর আলী ও হরতন বেগম দাম্পত্য জীবনে একসঙ্গে ছিলেন। স্বামীর মৃত্যুর পরপরই স্ত্রীর এমন মৃত্যুতে তারা গভীরভাবে মর্মাহত। একই সময়ে স্বামী-স্ত্রীর জানাজা ও দাফনের ঘটনায় এলাকাবাসীর মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে। তারা মরহুম দুজনের জন্য মহান আল্লাহর কাছে জান্নাত কামনা করেন।
দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী বলেন, “মারা যাওয়া দুজনই আমার চাচা ও চাচি। আমি বর্তমানে অসুস্থ অবস্থায় ঢাকায় আছি। এ কারণে তাদের শেষবার দেখতেও পারলাম না। আমার চাচা দীর্ঘ প্রায় ২৫ বছর মসজিদে আজান দিয়েছেন। তারা দুজনই ধর্মপরায়ণ ও ভালো মানুষ ছিলেন। মহান আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন।”
স্বামী-স্ত্রীর এমন পরপর মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।




















