শাহজালালে দুই বিমানকর্মীর জুতা থেকে ১৬ কোটি টাকার স্বর্ণ উদ্ধার
- আপডেট সময় : ১২:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬ ২৮ বার পড়া হয়েছে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে দুই বিমানকর্মীর জুতার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি)। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৯ দশমিক ৩৪ কেজি। এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৬ কোটি ২৫ লাখ টাকা।
রোববার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্ক অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা। এ সময় দুবাই থেকে ঢাকায় আসা এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটের (ইকে-০৫৮২) দুই বিমানকর্মীর গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের তল্লাশি করা হয়।
তল্লাশির একপর্যায়ে তাদের জুতার ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা স্বর্ণের বারগুলোর সন্ধান পাওয়া যায়। পরে জুতার ভেতর থেকে মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন প্রায় ১১৭ গ্রাম।
সিআইআইডি জানায়, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণের বার লুকিয়ে চোরাচালানের ঘটনায় একটি চক্র জড়িত কি না, স্বর্ণগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং দেশে কার কাছে বা কোথায় পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।




















