জাতিসঙ্ঘে ব্যস্ত সময় প্রধানমন্ত্রীর একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু
- আপডেট সময় : ০৪:১৯:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানকালে একাধিক দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এসব বৈঠক ও সৌজন্য সাক্ষাতে রোহিঙ্গা সংকট, জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, আন্তর্জাতিক সহযোগিতা ও বিভিন্ন দ্বিপক্ষীয় ইস্যু গুরুত্ব পেতে পারে।
প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, ২২ সেপ্টেম্বর জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই দিনে মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গেও সম্ভাব্য বৈঠকের কথা রয়েছে।
এদিন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগের সঙ্গে সকাল ১১টা থেকে ১১টা ২০ মিনিট পর্যন্ত দ্বিপক্ষীয় বৈঠকের সময় নির্ধারিত রয়েছে। এছাড়া বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ে ফিস-এমের সঙ্গেও বৈঠকের কর্মসূচি রয়েছে।
দুপুরে জাতিসঙ্ঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। এরপর ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তার সঙ্গে বৈঠক এবং জাতিসঙ্ঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার বারহাম সালেহর সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে।
বিকেলে জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আয়োজিত জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে সংবর্ধনায় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণীর অংশ নেয়ার কথা রয়েছে।
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সহযোগিতা ২৩ সেপ্টেম্বর রোহিঙ্গা সংকটকে ঘিরে প্রধানমন্ত্রীর কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। আন্তর্জাতিক দাতা ও মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেয়ার কথা রয়েছে তার। সম্ভাব্য এ বৈঠকে গেটস ফাউন্ডেশন, ভিসা ফাউন্ডেশন, রকফেলার ফাউন্ডেশন, ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি ও রোটারি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিতে পারেন। এরপর রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত একটি উচ্চপর্যায়ের পার্শ্বঅনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দীর্ঘমেয়াদি বাস্তুচ্যুতি, ন্যায়বিচার ও জবাবদিহির বিষয়টি সেখানে গুরুত্ব পাবে।
একই দিনে রোমানিয়ার প্রধানমন্ত্রী আর্দেই প্লেনকোভির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। সফরসূচি অনুযায়ী, বৈঠকে দুই প্রধানমন্ত্রীর মধ্যে উপহার বিনিময়ের সম্ভাবনাও রয়েছে।জলবায়ু পরিবর্তন নিয়েও আলোচনা২৩ সেপ্টেম্বর বিকেলে ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড দ্য জাস্ট ট্রানজিশন’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। জাতিসঙ্ঘ মহাসচিবের আমন্ত্রণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য দেয়ার সম্ভাব্য সময় বিকেল ৪টা।
পরে নরওয়ের প্রেসিডেন্ট ড. জেন্ডা বেলসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
শাহবাজ শরিফ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক ২৪ সেপ্টেম্বর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে সৃষ্ট অস্তিত্বগত হুমকি মোকাবিলাবিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি পাঁচ মিনিটের উদ্বোধনী বক্তব্য দেবেন।
এরপর পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। একই দিনে জাতিসঙ্ঘ মহাসচিবের সঙ্গে নির্ধারিত বৈঠক এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুদিন চার্নভিরাকুলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে।
বিকেলে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, বিকেল সাড়ে ৫টার দিকে তার বক্তব্য দেয়ার সম্ভাব্য সময় রাখা হয়েছে।পরে জাতিসঙ্ঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আয়োজিত প্রধানমন্ত্রীর সম্মানে ভোজসভায় অংশ নেয়ার কথা রয়েছে।
কুয়েতের ক্রাউন প্রিন্সের সঙ্গে বৈঠক ২৫ সেপ্টেম্বর সফরের শেষ দিনে জেপিমরগান আয়োজিত ওয়াল স্ট্রিটের প্রতিনিধিদের সঙ্গে প্রাতঃরাশ বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর কুয়েতের ক্রাউন প্রিন্স শেখ সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।এদিন ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের প্রেসিডেন্ট প্রিন্স জাইদ আল-হুসেইনের সঙ্গে সম্ভাব্য মধ্যাহ্নভোজ বৈঠকের কর্মসূচিও রয়েছে। সেখানে আন্তর্জাতিক পরিস্থিতি, বৈশ্বিক প্রবণতা ও বিভিন্ন ঝুঁকি নিয়ে আলোচনা হতে পারে।
পরে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি। দুবাই হয়ে ২৭ সেপ্টেম্বর সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।























