রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই
- আপডেট সময় : ০৪:৪০:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কোনো সদস্যের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাহিনীটি সোমবার এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার রাত আনুমানিক ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এর প্রতিবাদে পরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন।
এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু বিক্ষুব্ধ শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন।পরে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আনসার সদস্য নন; তারা রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য।
একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলছে, এ ঘটনায় আনসার সদস্যদের সম্পৃক্ততার কোনো সুযোগ নেই। প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের ঘটনাটির সঙ্গে জড়িত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং এতে একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
বাহিনীটি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবার প্রতি প্রকৃত তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে।

























