নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ১২:৫৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর পৌনে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ফ্লাইটে নিউইয়র্কের উদ্দেশে যাত্রা করেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।
প্রধানমন্ত্রীর এবারের সফরটি জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর প্রথম অংশগ্রহণ। আগামী ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর ভাষণ দেওয়ার কথা রয়েছে।
এ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাসহ একটি প্রতিনিধিদল রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ৩৫ জন সফরসঙ্গী থাকার কথা জানানো হয়েছে।
প্রতিনিধিদলে রয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিমানমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শামা ওবায়েদ, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এ ছাড়া রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরামের সফরসঙ্গী হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর, ভবিষ্যৎ উন্নয়ন অগ্রাধিকার, বৈশ্বিক শান্তি, জলবায়ু পরিবর্তন ও জলবায়ু অর্থায়ন, দারিদ্র্য বিমোচন এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন বলে সরকারি সূত্রে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং একাধিক সাইডলাইন বৈঠকে অংশ নেওয়ার কর্মসূচিও রয়েছে।























