জ্বালানি তেলের দামে বড় ধাক্কা, লিটারে বাড়ল ২০ টাকা
- আপডেট সময় : ০১:১৮:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০ বার পড়া হয়েছে
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ বেড়ে যাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০ টাকা করে বাড়িয়েছে সরকার।
রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। নতুন দাম রোববার রাত ১২টার পর অর্থাৎ ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে।
নতুন নির্ধারিত দামে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা দরে বিক্রি হচ্ছিল।
মন্ত্রণালয় জানায়, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে গত মার্চ থেকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণের বেশি বাড়লেও জনস্বার্থে এতদিন দেশে দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।
জ্বালানি বিভাগের তথ্য অনুযায়ী, মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) প্রায় ২২ হাজার ৮৭৫ কোটি ৬৬ লাখ টাকা লোকসান হয়েছে। গত ১৮ এপ্রিল ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সত্ত্বেও প্রায় পাঁচ মাস দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত ছিল।
বর্তমান আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী, ডিজেলে বিপিসির লিটারপ্রতি লোকসান প্রায় ৮৯ টাকা। এতে দৈনিক লোকসান প্রায় ১০৯ কোটি টাকা বলে জানিয়েছে মন্ত্রণালয়। শুধু ডিজেলেই বছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা লোকসান হতে পারে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জ্বালানি তেলের দামের পার্থক্য থাকায় তেল পাচারের ঝুঁকি তৈরি হয়েছে। পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে দাম বাড়ানোর ফলে বিপিসির লোকসান কমানো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং জ্বালানি তেল পাচারের ঝুঁকি কমানো সম্ভব হবে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ।
এদিকে যুদ্ধের প্রভাবে এলএনজি খাতেও সরকারকে বিপুল ভর্তুকি দিতে হচ্ছে। বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ সচল রাখা এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখার পাশাপাশি জ্বালানি তেল পাচার রোধে দাম সমন্বয়ের প্রয়োজন হয়েছে বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।





















