নদী সংলাপ সম্মেলনে গেস্ট অব অনার হিসেবে প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ ইইউর
- আপডেট সময় : ০৮:৩৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) হেড অব ডেলিগেশনের একটি প্রতিনিধিদল পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টায় সচিবালয়ে প্রতিমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ২৪ সেপ্টেম্বর ঢাকার আলোকিতে অনুষ্ঠিতব্য ‘Kollolini: A River Dialogue’ শীর্ষক উচ্চপর্যায়ের সম্মেলনে অংশগ্রহণের জন্য প্রতিমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়।
দুই দিনব্যাপী এ আয়োজনের মূল লক্ষ্য বাংলাদেশের নদ-নদীর পরিবেশগত, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব তুলে ধরা এবং নদী সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনা বিষয়ে অংশীজনদের মধ্যে গঠনমূলক সংলাপের সুযোগ সৃষ্টি করা।
সম্মেলন উপলক্ষে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকার নিকটবর্তী বুড়িগঙ্গা নদীতে একটি সরেজমিন পরিদর্শনেরও পরিকল্পনা রয়েছে।
প্রতিনিধিদল সম্মেলনে পানি সম্পদ প্রতিমন্ত্রীকে ‘গেস্ট অব অনার’ হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানায়। এ সময় নদ-নদীর সুরক্ষা, দূষণ নিয়ন্ত্রণ এবং টেকসই নদী ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রতিমন্ত্রী প্রতিনিধিদলের আমন্ত্রণের জন্য ধন্যবাদ জানান। একই সঙ্গে বাংলাদেশের নদ-নদী সংরক্ষণ ও টেকসই ব্যবস্থাপনায় এ ধরনের উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন।




















