গণসংযোগে মানুষের ভালোবাসা কুড়াচ্ছেন টেপ্রীগঞ্জের সন্তান শরীফ আহমেদ
- আপডেট সময় : ০৩:০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ৪১৬ বার পড়া হয়েছে
আসন্ন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন ছাত্রনেতা শরীফ আহমেদ।
ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ এলাকায় নিয়মিত মানুষের সঙ্গে দেখা করে কুশল বিনিময় ও মতবিনিময় করছেন তিনি।
গণসংযোগকালে সাধারণ মানুষের সঙ্গে আন্তরিকভাবে কথা বলছেন শরীফ আহমেদ। শুনছেন তাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা, নাগরিক সেবা নিয়ে প্রত্যাশা এবং এলাকার উন্নয়নসংক্রান্ত বিভিন্ন দাবি-দাওয়া। কোথাও প্রবীণদের সঙ্গে কুশল বিনিময়, কোথাও তরুণদের সঙ্গে মতবিনিময়—এভাবেই মানুষের কাছে গিয়ে নিজের পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথা তুলে ধরছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলার সময় শরীফ আহমেদ বলেন, “৭ নম্বর টেপ্রীগঞ্জ ইউনিয়নের উন্নয়ন, সুশাসন নিশ্চিত করা এবং সাধারণ মানুষের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দেওয়াই আমার লক্ষ্য। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও মানুষের পাশে থাকতে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”
গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর আন্তরিক কথোপকথন ও শুভেচ্ছা বিনিময় চোখে পড়ছে। বিভিন্ন এলাকায় তাঁকে ঘিরে স্থানীয়দের আগ্রহ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণও দেখা যাচ্ছে। অনেকেই তাঁর সঙ্গে কথা বলছেন, নিজেদের এলাকার সমস্যার কথা তুলে ধরছেন এবং ইউনিয়নের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে মতামত দিচ্ছেন।
শরীফ আহমেদ বর্তমানে বিএনসিএফ-এর পঞ্চগড় জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে। ছাত্রজীবনে ছাত্রদলের নেতৃত্বেও দায়িত্ব পালন করেছেন তিনি। এদিকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিজেকে সামনের সারিতে রেখে জড়ালো নেতৃত্ব দিয়েছিলেন তিনি।
শরীফ আহমেদের অনুসারীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় সাধারণ মানুষের সঙ্গে তাঁর একটি নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে। সেই সম্পর্ককে আরও শক্তিশালী করতে নিয়মিত মানুষের কাছে ছুটে যাচ্ছেন তিনি। তাঁর ভাষায়, রাজনীতি কেবল নির্বাচনের সময় মানুষের কাছে যাওয়ার বিষয় নয়; বরং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার মধ্য দিয়েই মানুষের আস্থা অর্জন করতে হয়।
এদিকে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে টেপ্রীগঞ্জ ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতাও ধীরে ধীরে বাড়ছে। বিভিন্ন প্রার্থী গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি নিজেদের পরিকল্পনা, উন্নয়ন ভাবনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরছেন।
এরই ধারাবাহিকতায় শরীফ আহমেদের ধারাবাহিক গণসংযোগও টেপ্রীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন এলাকায় আলোচনার জন্ম দিয়েছে। মানুষের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ, কুশল বিনিময় এবং স্থানীয় সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনার বিষয়টি গণসংযোগে বিশেষভাবে দৃশ্যমান হচ্ছে।























