গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলন, ১২ ড্রেজার ধ্বংস
- আপডেট সময় : ০৪:৪৮:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ২১ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে ১২টি ড্রেজার মেশিন ধ্বংস, একটি বালুভর্তি স্টিলবডি ডুবিয়ে দেওয়া এবং চারজনকে আটক করা হয়েছে। এ ছাড়া একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিছানাকান্দি জিরো পয়েন্ট, নতুন ভাঙা হাওর, বাদেভাশা বাজার, মনরতল বাজার ও গোরাগ্রাম সংলগ্ন নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও গোয়াইনঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাকারিয়া হোসেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের সময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১২টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। একই সঙ্গে বালুভর্তি একটি স্টিলবডি ডুবিয়ে দেওয়া হয়। এ সময় চারজনকে আটক করা হয় এবং একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করছে।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।





















