গোয়াইনঘাটে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে যুবক নিহত, অভিযুক্ত গ্রেপ্তার
- আপডেট সময় : ০৫:২৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই আমির হোসেনকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ইসলামপুর (দুভাগ) গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম ওই গ্রামের ময়না মিয়ার ছেলে। অভিযুক্ত আমির হোসেন একই গ্রামের মরহুম রফিক মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে জাহাঙ্গীর ও আমিরের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় আমিরের মা আম্বিয়া বেগমকে জাহাঙ্গীরের পক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন বলে জানা গেছে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আমির হোসেন চাকু দিয়ে জাহাঙ্গীরের বুকের বাম পাশে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মধ্য জাফলং ইউনিয়নে চাচাতো ভাইয়ের হাতে আরেক চাচাতো ভাই খুন হয়েছেন। ঘটনার পর গোয়াইনঘাট থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) গোলাম ফাত্তাহ চৌধুরী মোর্শেদের নেতৃত্বে অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















