দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে আরও এক যুবকের মৃত্যু, প্রাণহানি বেড়ে ২
- আপডেট সময় : ০৫:৫১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ হোসেন (২৩) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই দুর্ঘটনায় দুজনের মৃত্যু হলো।
নিহত সাজ্জাদ হোসেন পঞ্চগড়ের বোদা উপজেলার সাতখামার এলাকার বাসিন্দা।
এর আগে, গত সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে দেবীগঞ্জ সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাঁদের উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। তবে রংপুরে নেওয়ার পথে ইয়ানুর (২০) নামে এক যুবকের মৃত্যু হয়।
এ ঘটনায় আহত অপর দুজন হলেন জীবন ইসলাম (৩৫) ও সাব্বির হোসেন (১৭)। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সাজ্জাদের মৃত্যুর মধ্য দিয়ে ওই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুজনে।




















