জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শিশু-যুবকদের সুরক্ষায় ঋণ নয়, অনুদান চান পানি সম্পদ প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১০:৪৭:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
মানসিক স্বাস্থ্য রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সহযোগিতার আহ্বান
জলবায়ু পরিবর্তন ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক সহায়তা প্রদানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
বুধবার (১৮ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর ‘চিলড্রেন অ্যান্ড ইয়ুথ প্যাভিলিয়নে’ আয়োজিত এক বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘বিয়ন্ড দ্য হরাইজন: আওয়ার ডিমান্ড ফর দ্য আনসিন ভিকটিমস অব ক্লাইমেট মাইগ্রেশন’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে রূপান্তর এবং অদম্য ’১৯ ইয়ুথ ফাউন্ডেশন। অনুষ্ঠানের শুরুতে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের নদীভাঙন, প্রান্তিক মানুষের জীবন-জীবিকা এবং বাস্তুচ্যুতির সংকট নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় প্রতিমন্ত্রী বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে নদীভাঙনের তীব্রতা ও আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব দুর্যোগে অসংখ্য মানুষ প্রতিনিয়ত বসতভিটা হারিয়ে বাস্তুচ্যুত হচ্ছেন। জীবন ও জীবিকার তাগিদে তাঁদের অনেকেই শহরমুখী হচ্ছেন। ফলে শহরের বস্তি এলাকায় মানবেতর জীবনযাপনে বাধ্য হওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বহুমুখী বিরূপ প্রভাব এবং বাস্তুচ্যুতির কারণে শিশু ও যুবকদের মানসিক স্বাস্থ্যের ওপর মারাত্মক ও দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব পড়ছে। বিষয়টি শুধু পরিবেশগত বা অর্থনৈতিক সংকট নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় মানবিক ও সামাজিক চ্যালেঞ্জ।
বক্তব্যের শেষ পর্যায়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট—বাংলাদেশ জলবায়ু মোকাবিলায় ঋণ নয়, অনুদানভিত্তিক সহায়তা চায়। জলবায়ু পরিবর্তনের কঠিন বাস্তবতা মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত শিশু ও যুবকদের সুরক্ষায় আন্তর্জাতিক সংস্থা ও বিশ্বের বিভিন্ন দেশের প্রতি বাংলাদেশের জন্য অনুদানমূলক সহায়তা প্রদানের আহ্বান জানান তিনি।


















