ঋণের বদলে অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়নের আহ্বান পানিসম্পদ প্রতিমন্ত্রীর
- আপডেট সময় : ০৩:০৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ
তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘের জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর সাইডলাইনে বাংলাদেশ প্যাভিলিয়নে অনুষ্ঠিত দুটি পৃথক অনুষ্ঠানে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের আহ্বান জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
‘টাস্কিং দ্য ডেল্টা: ব্রিজিং দ্য ক্লাইমেট’ এবং ‘অ্যাডভান্সিং বাংলাদেশ’স কার্বন ক্রেডিট মার্কেট: অপরচুনিটিজ, ইন্টিগ্রিটি অ্যান্ড ইনভেস্টমেন্ট’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বক্তব্যে প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্য উদ্ধৃত করে বলেন, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ওপর অতিরিক্ত ঋণের বোঝা চাপিয়ে না দিয়ে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে হবে। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় মানুষের জীবন ও প্রকৃতি রক্ষার জন্য ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক তহবিল প্রয়োজন।
তিনি বলেন, বাংলাদেশ এখন শুধু জলবায়ু ঝুঁকির কথা বলছে না; বরং সবুজ বিনিয়োগ, উদ্ভাবন এবং উচ্চমানের কার্বন অর্থায়নের মাধ্যমে টেকসই ও ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। প্যারিস চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদের আওতায় ‘বাংলাদেশ কার্বন মার্কেট ফ্রেমওয়ার্ক’ এবং ‘ন্যাশনাল কার্বন রেজিস্ট্রি’ গঠনের মাধ্যমে নিরাপদ ও স্বচ্ছ কার্বন বাণিজ্যের জন্য বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে।
পানিসম্পদ ব্যবস্থাপনার সঙ্গে কার্বন বাজারের সংযোগ তুলে ধরে প্রতিমন্ত্রী তিনটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রের কথা উল্লেখ করেন। এর মধ্যে রয়েছে সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন এবং ব-দ্বীপ সুরক্ষার মাধ্যমে ব্লু কার্বন সংরক্ষণ; কৃষিতে সৌরচালিত সেচ পাম্প ও অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (এডব্লিউডি) পদ্ধতি ব্যবহারের মাধ্যমে কার্বন নিঃসরণ হ্রাস এবং বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০-এর আওতায় প্রকৃতিভিত্তিক সমাধানের মাধ্যমে বন্যা সহনশীলতা বৃদ্ধি।
বক্তব্যের শেষ পর্যায়ে বৈশ্বিক সবুজ রূপান্তরে বাংলাদেশের বিশ্বস্ত অংশীদার হতে দ্বিপাক্ষিক সহযোগী, বহুপাক্ষিক সংস্থা এবং বেসরকারি বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার অংশগ্রহণে অনুষ্ঠিত এসব সভায় বাংলাদেশের পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, সিইজিআইএস (CEGIS), আইডব্লিউএম (IWM) এবং জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সংস্থা ইউএনএফসিসিসি (UNFCCC)-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


















