পঞ্চগড়ে ‘সবার জন্য বাংলাদেশ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০১:০২:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে
‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় জেলা পরিষদের হলরুমে ‘সবার জন্য বাংলাদেশ’ এ মতবিনিময় সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান।

সবার জন্য বাংলাদেশের বিভাগীয় কো-অর্ডিনেটর আব্দুল কুদ্দুস শামীমের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সাবেক মহিলা সংসদ সদস্য রিনা পারভীন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আক্তারুজ্জামান, পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরকার হায়দার, ব্যারিস্টার জমির উদ্দিন কলেজিয়েট ইনস্টিটিউটের শিক্ষক রফিকুল ইসলাম এবং পঞ্চগড় মহিলা কলেজের সাবেক সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়াসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে উন্মুক্ত আলোচনা পর্বে বক্তারা বিদ্বেষ, উগ্রবাদ, সাম্প্রদায়িকতা ও সহিংসতার বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, দেশে মব সন্ত্রাস বেড়ে গেছে। উগ্রবাদী গোষ্ঠী মাজারসহ বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে। হিজবুত তাওহীদের নেতাদের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এতে দুজন নিহত হয়েছেন বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বাউলদের ওপরও হামলা চালানো হচ্ছে এবং গান-বাজনাকে হারাম আখ্যা দিয়ে তাঁদের ওপর নির্যাতন করা হচ্ছে।
তিনি বলেন, ‘সবার জন্য বাংলাদেশ’ একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বিদ্বেষ ও বিভাজনের পরিবর্তে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি সম্প্রীতিপূর্ণ বাংলাদেশ গড়তে তাঁরা কাজ করছেন। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।





















