বাংলাবান্ধার জিরো পয়েন্টে শেষ হলো পঞ্চগড়ের ২৫ উদ্যোক্তার ১০০ ঘণ্টার প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৫:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক উন্নয়নে দক্ষ উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্যে পঞ্চগড়ে ২৫ জন নবীন উদ্যোক্তাকে নিয়ে আয়োজিত ১০০ ঘণ্টার উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়েছে। মাসব্যাপী এ প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

রোববার (২২ নভেম্বর) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার ইকো মহানন্দা কটেজে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের বাস্তবায়নাধীন ‘Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)’-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালনা করে যমুনা ব্যাংক পিএলসি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মাসুম বিল্লাহ ও আইয়ুব আলী, যমুনা ব্যাংকের রাজশাহী জোনের প্রধান মুহাম্মদ ফজলুল হকসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাবান্ধার জিরো পয়েন্টে রোড শো
প্রশিক্ষণের আনুষ্ঠানিক সমাপনী পর্ব শেষে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজন করা হয় ৮০তম রোড শো। পরে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দর বাংলাবান্ধার জিরো পয়েন্টে বিশেষ ফটোসেশনের মধ্য দিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
উদ্যোক্তা তৈরিতে প্রশিক্ষণের গুরুত্ব
প্রধান অতিথির বক্তব্যে মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ বলেন, দক্ষ, উদ্ভাবনী ও সম্ভাবনাময় উদ্যোক্তা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও উদ্ভাবনী চিন্তাধারা বাস্তব ব্যবসায়িক ক্ষেত্রে কাজে লাগিয়ে সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করার আহ্বান জানান।
আয়োজক ও প্রশিক্ষণার্থীরা আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত দক্ষতা উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে সহায়ক হবে। পাশাপাশি ভবিষ্যতে সহজলভ্য ঋণপ্রাপ্তির সুযোগ তৈরি এবং স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টিতেও কর্মসূচিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















