দলীয় পরিচয়, আত্মীয়তা কিংবা ধর্ম নয়—সরকারি সহায়তা পাবেন প্রকৃত দুস্থরা: প্রতিমন্ত্রী
- আপডেট সময় : ১২:০৭:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
সরকারি সহায়তা বিতরণের ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয়, আত্মীয়তা কিংবা ধর্মীয় বিবেচনা না করে প্রকৃত অসচ্ছল ও অসহায় মানুষকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেছেন, সরকারি সহায়তা পাওয়ার যোগ্য ব্যক্তিদের সঠিকভাবে চিহ্নিত করে তাঁদের হাতেই সহায়তা পৌঁছে দিতে হবে। এতে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় হবে।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে প্রতিমন্ত্রীর বিশেষ বরাদ্দের আওতায় ঢেউটিন ও গৃহ নির্মাণের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, “যাঁরা প্রকৃতপক্ষে সরকারি সহায়তা পাওয়ার উপযুক্ত, তাঁদেরই এই সহায়তা দেবেন। এর মধ্য দিয়েই আমাদের সরকারের ওপর মানুষের আস্থা বাড়বে। আমার প্রতি এবং সমাজে যাঁরা নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের প্রতিও জনগণের আস্থা বৃদ্ধি পাবে।”
তিনি আরও বলেন, সরকারি সহায়তা যেন প্রকৃত সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছায়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সহায়তা বণ্টনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।



















