ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পেল বড় খাসি, রানার্সআপ ছোট
- আপডেট সময় : ০১:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬ ৯ বার পড়া হয়েছে
পঞ্চগড় সদর উপজেলায় শহীদ সাগর স্মৃতি আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ৩ নং ওয়ার্ড ফুটবল দলকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ২ নং ওয়ার্ড ফুটবল দল। বিজয়ী ও রানার্সআপ দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে একটি করে খাসি।
রোববার (২২ নভেম্বর) বিকেলে সদর উপজেলার নতুন চাকলাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয় মাঠে চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুই দলের হাতে পুরস্কার তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় চ্যাম্পিয়ন দলকে একটি বড় খাসি এবং রানার্সআপ দলকে একটি ছোট খাসি পুরস্কার হিসেবে দেওয়া হয়।
চাকলাহাট সমাজকল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী এবং সাধারণ সম্পাদক নাজির হোসেন।
আয়োজকেরা জানান, টুর্নামেন্টে চাকলাহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে একটি করে দল অংশ নেয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩ নং ওয়ার্ড ফুটবল দলকে পরাজিত করে ২ নং ওয়ার্ড ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


















