কিশোর গ্যাংয়ের চেয়েও ভয়ংকর সুশীল গ্যাং
- আপডেট সময় : ০২:৫৯:১৮ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
সমাজে একশ্রেণির মানুষ আছেন, যাঁরা নিজেদের অত্যন্ত বিবেকবান, নিরপেক্ষ, শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে পরিচয় দিতে পছন্দ করেন। তাঁদের মুখে সব সময় নীতি-নৈতিকতা, মানবাধিকার, গণতন্ত্র, দেশপ্রেম ও আদর্শের কথা শোনা যায়। বিভিন্ন আলোচনা, টকশো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁরা সমাজ ও রাষ্ট্রের নানা বিষয়ে মূল্যবান পরামর্শ দেন। কিন্তু তাঁদের কথার সঙ্গে কাজের কতটা মিল রয়েছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। সামাজিক ও রাজনৈতিক পরিসরে এই দ্বিচারিতাপূর্ণ মানসিকতাকে ব্যঙ্গ করে অনেকে ‘সুশীল গ্যাং’ বলে অভিহিত করেন।
সুশীলতা কোনো পোশাক, পদবি কিংবা বিশেষ পরিচয়ের নাম নয়। এটি মানুষের চিন্তা, আচরণ, বিবেক ও কর্মের পরিচয়। অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়া, ন্যায়বিচারের পক্ষে কথা বলা এবং বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত সুশীলতার পরিচয়। অথচ তথাকথিত একশ্রেণির সুশীল মানুষের কাছে ন্যায়-অন্যায়ের সংজ্ঞাও যেন ব্যক্তি ও দলভেদে পরিবর্তিত হয়। নিজের পছন্দের মানুষ অন্যায় করলে তাঁরা নীরব থাকেন, আর অপছন্দের কেউ ভুল করলেই নীতিকথার ঝড় তোলেন।
সম্প্রতি আমার একজন শিক্ষকের সঙ্গে দীর্ঘ সময় কথা হচ্ছিল। আমি দীর্ঘদিন ধরে কিশোর অপরাধ প্রতিরোধে কাজ করছি। আলোচনার একপর্যায়ে তিনি বললেন, ‘তুমি দীর্ঘদিন ধরে কিশোর গ্যাং নিয়ে কাজ করছ। কিন্তু আমার মনে হয়, কিশোর গ্যাংয়ের চেয়েও সুশীল গ্যাং সমাজ ও রাষ্ট্রের জন্য বেশি ক্ষতিকর।’
তাঁর কথাটি আমাকে ভাবিয়েছে। তিনি আরও বললেন, এই সুশীল গ্যাংয়ের একটি নিজস্ব বলয় রয়েছে। যে সরকারই ক্ষমতায় আসুক, তারা ক্ষমতার কাছাকাছি থাকার চেষ্টা করে। সরকারের বিভিন্ন পর্যায়ে নিজেদের মতামত ও পরামর্শ তুলে ধরে। কিন্তু সেই পরামর্শ কতটা জনকল্যাণমূলক, তা সব সময় বিবেচনায় থাকে না। সরকার তাঁদের সব পরামর্শ গ্রহণ না করলে বিভিন্ন আলোচনা ও টকশোতে সরকারের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। অর্থাৎ নিরপেক্ষতার কথা বললেও তাঁদের অবস্থানের পেছনে অনেক সময় ব্যক্তিগত স্বার্থ, প্রভাব বিস্তার কিংবা বিশেষ কোনো গোষ্ঠীর স্বার্থ কাজ করে।
শিক্ষকের আরেকটি পর্যবেক্ষণ ছিল আরও গুরুত্বপূর্ণ। তিনি বললেন, সমাজের বিপদগ্রস্ত, দরিদ্র কিংবা অসহায় মানুষের পাশে তথাকথিত অনেক সুশীলকে সরাসরি পাওয়া যায় না। তাঁরা দূর থেকে পরামর্শ দেন, সমালোচনা করেন, কিন্তু বাস্তবে দায়িত্ব নিতে চান না। অন্যদিকে একজন রাজনীতিবিদ ভুল করতে পারেন, তাঁর মধ্যে ব্যক্তিস্বার্থও থাকতে পারে; কিন্তু তাঁকে অন্তত জনগণের কাছে জবাবদিহি করতে হয়। জনগণের ভোট, সমর্থন ও প্রত্যাশার ওপর তাঁর রাজনৈতিক অবস্থান নির্ভর করে। একজন রাজনীতিবিদ কোনো কাজ লোক দেখানোর জন্য করলেও তাতে যদি মানুষের উপকার হয়, সেটিও সমাজের জন্য ইতিবাচক। তবে রাজনীতিবিদদের অন্যায় বা দুর্নীতিকে কোনোভাবেই সমর্থন করার সুযোগ নেই। একইভাবে সুশীল পরিচয়ের আড়ালে থেকে কেউ যেন জবাবদিহির ঊর্ধ্বে থাকার সুযোগ না পান।
শিক্ষকের কথার সঙ্গে আমার দীর্ঘদিনের সামাজিক কাজের অভিজ্ঞতারও মিল খুঁজে পাই। লাল সবুজ উন্নয়ন সংঘের হয়ে দেশের ৬৪ জেলায় কাজ করতে গিয়ে অসংখ্য মানুষের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ হয়েছে। তাঁদের মধ্যে যেমন অসাধারণ মানবিক, উদার ও বিবেকবান মানুষ পেয়েছি, তেমনি এমন কিছু মানুষও পেয়েছি, যাঁরা নিজেদের সুশীল পরিচয়ের আড়ালে সমাজের ভালো কাজকে নিরুৎসাহিত করেন।
মাদক প্রতিরোধে কাজ করতে গেলে কেউ বলেছেন, ‘মাদক বিরোধী কর্মসূচি করে কি মাদক বন্ধ করা যাবে? ‘এ দেশে কি গাছের অভাব আছে, এত গাছ লাগানোর কী প্রয়োজন?’ পথশিশুদের পাশে দাঁড়াতে গেলে কেউ বলেছেন, ‘সরকারই তো তাদের জন্য কিছু করছে না, তোমাদের এত কিছু করার কী দরকার?’ আবার কেউ বলেছেন, ‘এসব করে কী লাভ? সমাজ কি এভাবে পরিবর্তন হবে?’
প্রশ্ন হলো, সমাজ পরিবর্তনের দায়িত্ব কি শুধু সরকারের? নাগরিক হিসেবে আমাদের কি কোনো দায়িত্ব নেই? সরকার সব সমস্যার সমাধান করতে পারছে না বলে আমরাও কি হাত গুটিয়ে বসে থাকব? যাঁরা মানুষের পাশে দাঁড়ান, তাঁদের নিরুৎসাহিত না করে বরং সহযোগিতা করাই কি আমাদের দায়িত্ব নয়?
তবে একটি বিষয় পরিষ্কার করা জরুরি। যেমন সব কিশোর অপরাধী নয়, তেমনি সব সুশীল মানুষও খারাপ নন। কিশোরদের মধ্যে যারা অপরাধে জড়ায়, তাদের অপরাধী হিসেবে চিহ্নিত করা হয়; একইভাবে সুশীল পরিচয় ব্যবহার করে যারা ব্যক্তিস্বার্থে সমাজ ও রাষ্ট্রের ক্ষতি করেন, দ্বিচারিতা করেন এবং ভালো কাজকে বাধাগ্রস্ত করেন, এই লেখায় তাদেরই ‘সুশীল গ্যাং’ বলা হয়েছে। প্রকৃত সুশীল মানুষকে কখনোই এই অভিধার মধ্যে ফেলা যায় না।
আমাদের মনে রাখতে হবে, প্রকৃত সুশীল মানুষ কখনো ব্যক্তিস্বার্থের কাছে বিবেক বিক্রি করেন না। তিনি অন্যায়কে অন্যায় বলেন, অপরাধী যে-ই হোক, সত্যের পক্ষে দাঁড়ান। তাঁর কাছে ব্যক্তি, দল কিংবা ক্ষমতার চেয়ে দেশ ও মানুষের স্বার্থ বড়।
সমাজে সুশীল মানুষের প্রয়োজন আছে, ভীষণ প্রয়োজন। রাষ্ট্র পরিচালনায় তাঁদের গঠনমূলক সমালোচনা, পরামর্শ ও ইতিবাচক ভূমিকা অপরিহার্য। কিন্তু সুশীলতার মুখোশ পরে ব্যক্তিস্বার্থ হাসিল, ক্ষমতার অপব্যবহার কিংবা ভালো কাজকে নিরুৎসাহিত করার সংস্কৃতি বন্ধ হওয়া জরুরি।
কারণ, সমাজের সবচেয়ে বড় সংকট শুধু অপরাধীর সংখ্যা বৃদ্ধি নয়; বরং বিবেকবান পরিচয়ধারীদের একাংশের বিবেকহীন হয়ে ওঠা। যে সমাজে কথার চেয়ে কাজের মূল্য কমে যায়, সেখানে সুশীলতার মুখোশ বাড়ে, কিন্তু প্রকৃত সুশীল মানুষের সংখ্যা কমে যায়।
লেখক, সংগঠক ও কলামিস্ট
quaosaralam0@gmail.com
















