দেবীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ
- আপডেট সময় : ০২:০৩:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের দেবীগঞ্জে ৩৭৩ বারের মতো দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে এলাকার পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা ও স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পেয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের রামগঞ্জ বিলাসী সরকারপাড়া এলাকায় নজরুল ইসলাম নূরানী হাফেজিয়া মাদ্রাসা, সরকারপাড়ার উদ্যোগে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন।
আয়োজক সূত্রে জানা যায়, দিনব্যাপী এ ক্যাম্পে প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়। আটজন অভিজ্ঞ এমবিবিএস চিকিৎসক রোগীদের চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন। এ সময় রোগীদের জন্য বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, বিএমআই নির্ণয়, রক্তচাপ পরিমাপ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শসহ বিভিন্ন স্বাস্থ্যসেবার ব্যবস্থা রাখা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন তোবারক হ্যাপী এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মুশফিকুর রহমান রাজুসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম নূরানী হাফেজিয়া মাদ্রাসার সভাপতি কাওসার আলম সরকার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পুলিশ কর্মকর্তা মাহফুজার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ স্বাস্থ্যসচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। পরে তিনি মেডিকেল ক্যাম্পের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় তিনি বিএনপির প্রয়াত নেতা মাহবুবার রহমান সরকার মানিকের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে মানবিক কর্মকাণ্ডের যে উদ্যোগ প্রয়াত মানিক রেখে গেছেন, তাঁর পরিবারের সদস্যরা সেই ধারাবাহিকতা বজায় রেখে কাজ করে যাচ্ছেন। পরে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ প্রয়াত মানিকের কবর জিয়ারত করেন।
আয়োজকদের এ উদ্যোগ স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


















