দেবীগঞ্জে তরুণদের অধিকার ও ডিজিটাল নিরাপত্তা নিয়ে আলোচনা সভা
- আপডেট সময় : ০৩:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে
অধিকার প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে দেবীগঞ্জে সক্ষমতা বৃদ্ধিবিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) ‘সমতায় তারুণ্য’ (SHOMOTAY TARUNNO PROJECT) প্রকল্পের আওতায় স্থানীয় সরকার কর্তৃপক্ষের সঙ্গে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইন্দ্রজিত সাহা, দেবীগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান চৌধুরী এবং দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়।
এতে আরও উপস্থিত ছিলেন স্টুডেন্ট ফোর্স বাংলাদেশের সভাপতি আরিফ বিল্লাহ, সংগঠনটির সাংগঠনিক সম্পাদক ও দেবীগঞ্জ উপজেলা ইউথ লিডার মো. মনিরুল ইসলাম মনিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আলোচনা সভায় তরুণদের অধিকার, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম বিষয়ে সচেতনতা (মিডিয়া লিটারেসি) এবং অধিকার আদায়ে জনসচেতনতা তৈরির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বর্তমান সময়ে ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে সচেতন হওয়া জরুরি। তরুণদের অনলাইন হয়রানি, সাইবার অপরাধ, গুজব ও অপতথ্য থেকে সুরক্ষিত থাকতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যের সত্যতা যাচাই করে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তাঁরা আরও বলেন, তরুণরা দেশের গুরুত্বপূর্ণ শক্তি। স্থানীয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তরুণদের অংশগ্রহণ নিশ্চিত করা গেলে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ জন্য তরুণদের অধিকার সম্পর্কে সচেতন করার পাশাপাশি নেতৃত্বের দক্ষতা ও সামাজিক দায়বদ্ধতা বাড়াতে হবে।
আয়োজকরা জানান, তরুণদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে তাঁদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করাই এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
স্টুডেন্ট ফোর্স বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে তরুণদের অধিকার, নিরাপদ ইন্টারনেট ব্যবহার এবং দায়িত্বশীল ডিজিটাল নাগরিকত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।














