পঞ্চগড়ে ‘মানবতার দেয়াল’ থেকে পছন্দের শীতবস্ত্র নিচ্ছেন হতদরিদ্ররা
- আপডেট সময় : ১০:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬ ১৪৪ বার পড়া হয়েছে
শীতের কষ্ট থেকে হতদরিদ্র ও শীতার্ত মানুষের সুরক্ষায় পঞ্চগড়ের বোদা উপজেলায় নেওয়া হয়েছে ব্যতিক্রমী এক উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংগঠন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’-এর উদ্যোগে ময়দানদিঘী বি.এল. উচ্চবিদ্যালয়ের সামনে চালু হয়েছে ১৫ দিনব্যাপী ‘মানবতার দেয়াল’। এখানে সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষ নিজেদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে শীতের কাপড় সংগ্রহ করতে পারছেন।

রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণের সামনে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়দানদিঘী বি.এল. উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান শাহিন, সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান, মো. আনারুল ইসলাম ও প্রতাপ ঘোষ। এ ছাড়া উপস্থিত ছিলেন ‘আত্মার বন্ধন ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা পরিচালক মতিন ইসলাম মতিন, সংগঠনের অন্যান্য স্বেচ্ছাসেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আয়োজকরা জানান, শীতের তীব্রতায় যেন কোনো অসহায় মানুষ কষ্ট না পান, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ১৫ দিনব্যাপী এ কার্যক্রমে প্রতিদিন নির্ধারিত সময়ে হতদরিদ্র ও শীতার্ত মানুষ এসে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী বিনামূল্যে শীতবস্ত্র সংগ্রহ করতে পারবেন।
সংগঠনটির এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় শিক্ষক, এলাকাবাসী ও সচেতন মহল। তাঁদের মতে, এ ধরনের উদ্যোগ সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।













